দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রধান শিক্ষকের অবহেলার কারণে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জান্নাতি খাতুন। এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারে চরম হতাশা নেমে এসেছে।
ভুক্তভোগী জান্নাতি খাতুন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী ফরম পূরণ করেন এবং সারা বছর মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেন।
জানা যায়, সোমবার বিদ্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে জান্নাতি দেখতে পান, তার সহপাঠীদের সবার প্রবেশপত্র এলেও তারটি আসেনি। বিষয়টি জানতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, জান্নাতি নিয়মিত প্রাইভেট পড়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন।
তার বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, আমার বোন ভালো ফলাফল করলে রংপুরের একটি ভালো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু একটি ভুলের কারণে তার সেই সুযোগ নষ্ট হয়ে গেল।
জান্নাতি বলেন, অনেক স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষা দেব। কিন্তু শেষ সময়ে এসে এমন ঘটনা ঘটবে, কখনও ভাবিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, প্রবেশপত্র বিতরণের পর কয়েকজন শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল ধরা পড়ে, যা সংশোধনের জন্য বোর্ডে যোগাযোগ করতে হয়েছে। জান্নাতির বিষয়টি আমার ভুল হয়েছে। আমি তার বাবার কাছে ক্ষমা চেয়েছি।
জে আই